ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখকে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে লর্ড শেখ দেখা করতে গেলে শেখ হাসিনা এসব বলেন বলে জানান তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং এর কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার এই কমিশনকে আরো শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। আমাদের সংবিধান জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্যের অবদানের কথা উল্লেখ করে তা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০০৮ ঘ.
bdnews24