বাগেরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' দুই 'বনদস্যু' নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে কোস্টগার্ড। এদিকে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক বেলাল হোসেন বাদী হয়ে দাকোপ থানায় মামলা দুটি করেছেন বলে জানায় পুলিশ।
দাকোপ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মামলাতেই নিহত দুইজনসহ একুশ জনের নামোল্লেখ করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। তাদের পরিবারের কেউ লাশ নিতে না এলে রাতে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে তাদের লাশ দাফন করা হবে, বলেন ওসি।
শনিবার সকালে সুন্দরবনের নিশানখালী এলাকায় কোস্টগার্ড ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হন।
এরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের জবেদ আলী গাজীর ছেলে গাজী আব্দুল মান্নান (৪০) ও পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা গ্রামের আব্দুস সবুরের ছেলে মাসুম (৩৪)।
এরা বনদস্যু রাজু বাহিনীর সদস্য বলে কোস্টগার্ড জানায়। অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজু ও তার বাহিনীর অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নিশানখালীতে রাজু বাহিনীর স্থায়ী আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে বাঁশ-গোলাপাতা-টিনের পাত দিয়ে তৈরি ছোট-বড় পাঁচটি ঘর পাওয়া গেছে। এসব ঘরে অন্তত ৫০ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
আস্তানা ভেঙে ফেলতে সুন্দরবন পশ্চিম বিভাগকে বলা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহম্মেদ জানান, অভিযানে সন্ধান পাওয়া রাজু বাহিনীর অস্তানাটি ভেঙে নিয়ে আসার জন্য বনকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৩ ঘ.
bdnews24