২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র শিবিরের ২ নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্র শিবিরের মহানগর দক্ষিণের সভাপতিসহ দুই নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্র শিবিরের মহানগর দক্ষিণের সভাপতিসহ দুই নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। পুলিশ তাদের পাঁচদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা নাকচ করে এ নির্দেশ দেয় আদালত। রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ শুনানি শেষে দুই জনের জামিনও নামঞ্জুর করে। গ্রেপ্তার সভাপতি দেলোয়ার হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইলকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পুলিশ কমিশনার মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত চাওয়া হয় শনিবার। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। একইদিন তাদের গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশও দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৪ ঘ.