ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের পূর্বানুমুতি প্রয়োজন হবে না- সংশোধিত আইনে এমন বিধান রাখতে এবার সংসদীয় কমিটি একমত হয়েছে।
তবে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও গ্রেপ্তারের সময় অনুমতির প্রয়োজন রয়েছে কি না তা কমিটির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির ৪৭তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
এ স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত জানান, বৈঠকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় ২০০৭ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশনের কিছু রুলসের সঙ্গে আইনের অসামঞ্জস্য থাকায় তা দূর করে বিলটি পাস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া দুর্নীতি দমন কমিশনের রুলসটি পরীক্ষা-নিরীক্ষা করে একটি রিপোর্ট দিতে জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে পূর্বানুমতির প্রয়োজন নেই- সংসদীয় প্রতিনিধি দল এমন মতামত দিয়ে প্রতিবেদন তৈরি করে গত ২২ অক্টোবর কমিটির কাছে পেশ করে।
সুরঞ্জিত বলেন, "দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের পূর্বানুমুতির প্রয়োজন নেই- সংশোধনী বিলের এ ধরনের বিধান রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে অভিযুক্তের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল এবং গ্রেপ্তারের সময় অনুমতির প্রয়োজন রয়েছে কি না তা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে।"
গত ২৮ ফেব্র"য়ারি সংসদে তোলা এই সংশোধনী বিলটি বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।
বিলের ৩২ (ক) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়, এ আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। যদিও, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে দুদককে অনুমতি নিতে হয় না।
গত ২৬ জুন কমিটির ৪০তম বৈঠকে এ বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে শেষ পর্যন্ত অন্যান্য দেশ ঘুরে পর্যালোচনার মাধ্যমে সুপারিশও করে সংসদীয় প্রতিনিধি দল।
রোববারের বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. ফজলে রাব্বী মিয়া, খান টিপু সুলতান, মো. নূরুল ইসলাম সুজন ও শেখ ফজলে নূর তাপস অংশ নেন।
বৈঠকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি জানান, উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি নীতিমালা করার বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গেও আগামী বৈঠকে আলোচনা হবে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব শহিদুল হক, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস, দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. বদিউজ্জামান ও মুহ. সাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৮০০ ঘ.
bdnews24