ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী হাসিনা রোববার এক শোক বিবৃতিতে ইমদাদ হোসেনের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত বিবৃতিতে হাসিনা বলেন, "আমাদের সুমহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি আমাদের মাঝে চিরজাগরুক থাকবেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে গণতান্ত্রিক, প্রগতিশীল, অসা¤প্রদায়িক, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।"
একুশে পদক পাওয়া ইমদাদ ৮৫ বছর বয়সে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রোববার সকাল ১১টার দিকে মারা যান। বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে গত বছরের অক্টোবরে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
"শিল্পী ইমদাদ হোসেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে আমাদের ভাষা আন্দোলনে অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।" উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "তিনি ১৯৬১ সালে একজন সক্রিয় সদস্য হিসেবে ছায়ানট প্রতিষ্ঠা করেন। ১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শিল্পী সমাজকে ঐক্যবদ্ধ করে পটুয়া শিল্পী কামরুল হাসানের সঙ্গে 'চারুশিল্পী সংস্থা' গঠন করে স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24