২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাম খেলা নিয়ে লঙ্কাকাণ্ড, পুলিশসহ আহত অর্ধশত

গোপালগঞ্জে কেরাম খেলাকে কেন্দ্র করে দু' গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধ শত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে কেরাম খেলাকে কেন্দ্র করে দু' গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধ শত আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার কাঠি ও তেলিগাতী গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যায় কাঠি বাজারের রইচ মোল্লা ও তেলিগাতী গ্রামের রইচ শেখের মধ্যে কেরাম খেলার সময় হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কাঠি গ্রামের লোকজন তেলিগাতী গ্রামের দবির শেখ ও হাফিজুর শেখকে মারপিট করে। মারপিটের খবর ছড়িয়ে পড়লে দু' গ্রামের লোকজন ঢাল, সড়কি, টেঁটা, রামদা, লাঠি-সোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, তখন হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের পিকআপ ভাংচুর করে। এরপর গোপালগঞ্জের এএসপি মো. শফিকুল ইসলাম এবং শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা শাখাওয়াত জানিয়েছেন। আহতদের কোটালীপাড়া, গোপালগঞ্জ ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৩০০ ঘ.