গোপালগঞ্জ/পিরোজপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের পেনাখালীতে সংঘর্ষে নিহত ইয়াহিয়া দাড়িয়ার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মধুখালীর এলাকাবাসী।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং সামনের সড়কে মানববন্ধন করা হয়।
গত ৮ নভেম্বর পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালী গ্রামে দাড়িয়া গোষ্ঠীর সঙ্গে হাওলাদার ও শেখ গোষ্ঠীর সংঘর্ষে ইয়াহিয়া দাড়িয়া (৩০) ও বাবুল শেখ (৩২) নিহত হন।
এ সময় পাশের জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দাড়িয়া সমর্থকদের বেশকিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া ও নাজিরপুর থানায় দু'টি মামলা করেছে দু'পক্ষ।
টুঙ্গিপাড়া থানায় টিপু সুলতানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত ইয়াহিয়ার ভাই জাকির ইবনে সোলাইমান।
নাজিরপুর থানায় ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করে নিহত বাবুল শেখের ভাই আবুল কালাম শেখ।
শনিবার সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইয়াহিয়ার ভাই জাকির ইবনে সোলাইমান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম শেখ, স্থানীয় নেতা শেখ আহম্মেদ হোসেন মীর্জা এ হত্যাকা-ের বিচার দাবি করে বক্তব্য দেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সংঘর্ষ চলাকালে টিপু সুলতান, তার ভাই আনসার আলী শেখসহ একদল সশস্ত্র লোক টুঙ্গিপাড়ার মধুখালি গ্রামে এসে গুলি করে, কুপিয়ে ও পানিতে চুবিয়ে ইয়াহিয়কে হত্যা করে।
সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়।
এ ব্যাপারে ¬টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাযহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদী জাকির ইবনে সোলয়মানকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে নাজিরপুর থানার ওসি মো. আব্বাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার পরদিন (৯ নভেম্বর) আবুল কালাম শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
এদিকে ঘটনা তদন্তে একইদিন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইসমাইল হোসেনকে প্রধান করে জেলা প্রশাসন একটি কমিটিও গঠন করেছে, বলেন ওসি।
পিরোজপুরের নাজিরপুরের পেনাখালী গ্রামের পাশেই অবস্থিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধুখালী গ্রাম।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দাড়িয়া গোষ্ঠীর সঙ্গে হাওলাদার ও শেখ গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। দাড়িয়ারা মধুখালীর এবং হাওলাদার-শেখরা পেনাখালীর বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24