২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জের বানিয়াচংয়ে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েকটি ইসলামী দলের কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে উদীচী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচংয়ে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েকটি ইসলামী দলের কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে উদীচী। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম হামলাকে সুপরিকল্পিত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধ বিচারকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।" হামলার পর স্থানীয় প্রশাসন এবং ক্ষমতাসীন দলের প্রতিনিধি এবং ওই এলাকার চেয়ারম্যান উদীচীর সঙ্গে সহযোগিতামূলক আচরণ করেনি বলে অভিযোগ করেন তিনি। বানিয়াচংয়ে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ৮ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি ইসলামী দলের কর্মীরা হামলা চালায়। এতে উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক মামুনসহ আটজন আহত হন। এ হামলার প্রতিবাদে চট্টগ্রামে শহীদ মিনার প্রাঙ্গণে উদীচী চট্টগ্রাম জেলা ও উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাও শনিবার যৌথভাবে এক সমাবেশ আয়োজন করে। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম ও চবি শাখা, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এ সমাবেশে সংহতি প্রকাশ করে। রাজধানীর কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল, সাবেক ছাত্রনেতা এবং বর্তমান কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা মানবেন্দ্র দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মো. গোলাম কুদ্দুস, সঙ্গীত সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিশ্বজিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমইউ/পিডি/১৯৫৪ ঘ.