২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রেল ও গভীর সমুদ্রবন্দরে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ'

চীনের সঙ্গে রেল যোগাযোগ এবং বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের সঙ্গে রেল যোগাযোগ এবং বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে বাংলাদেশ এবং চীন সরকার যৌথভাব কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের ক্ষমতাসীন দলের নেতারা। রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে বৃহস্পতিবার দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সৌজন্যে আওয়ামী লীগের দেওয়া মধ্যাহ্নভোজে এ সব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য এবং সংগঠনের বেইজিং শাখার সাধারণ সম্পাদক লিউ শীর নেতৃত্বাধীন ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার লিখিত বক্তব্যে বলেন, "আমি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফরে গিয়েছিলাম, তখন আমরা মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক এবং রেল যোগাযোগ স্থাপনের ব্যাপারে প্রস্তাব করেছিলাম। গতকাল (বুধবার) রাতে নৈশভোজে চীনা প্রতিনিধি দলের প্রধান লিউ শী এ ব্যাপারে তার সমর্থন জানিয়েছেন।" স্থানীয় সরকারমন্ত্রী এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার বক্তব্যে চীনকে তার 'দ্বিতীয় বাড়ি' উল্লেখ করে বলেন, "মন্ত্রী হওয়ার আগে আমি প্রায়ই চীন ভ্রমণে যেতাম। কিন্তু মন্ত্রী হওয়ার পর এই ভ্রমণের কিছু ব্যতয় ঘটেছে।" আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নির্দেশে নিজের সাধ্যমত দু'দেশের সম্পর্কোন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে সৈয়দ আবুল হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন। লিউ শী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যকার অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের উন্নয়নে চীন কাজ করে যেতে ইচ্ছুক মন্তব্য করে তিনি দু'দেশ এবং দুই রাজনৈতিক দলের সাফল্য কামনা করেন। মধ্যাহ্নভোজের আগে আওয়ামী লীগের তরফ থেকে চীনা প্রতিনিধি দলকে দলের নির্বাচনী প্রতীক নৌকা উপহার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৩ ঘ.