ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানিবণ্টন নিয়ে 'যতো দ্রুত সম্ভব' অন্তবর্তীকালীন চুক্তি হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মালদ্বীপে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আগে বৃহস্পতিবার দুপুরে বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় আধা ঘণ্টার বৈঠকে দুই প্রধানমন্ত্রী অভিন্ন নদীর পানি বণ্টন, যোগাযোগ, সীমানা নির্ধারণ, বাণিজ্য, ঋণ, বিদ্যুৎ খাতে সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন।"
মালদ্বীপের আদ্দু দ্বীপের ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে শুরু হচ্ছে সার্ক শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য 'সেতুবন্ধ রচনা'। এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং জলকবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, "ভারত জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে (তিস্তার পানি বণ্টন) কাজ করছে। যতো দ্রুত সম্ভব বিষয়টি চূড়ান্ত করা হবে।"
গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি।
দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ।
তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই গত সপ্তাহে নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় 'অমীমাংসিত থাকা' বিষয়গুলো নিয়ে মালদ্বীপে সার্ক সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে।
এরপর সোমবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান, শুধু তিস্তা নয়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৩টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়েই আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট নিয়েও আলোচনা হয়। ট্রান্সশিপমেন্টের আওতায় আশুগঞ্জ হয়ে পরীক্ষামূলকভাবে ভারতীয় পণ্যের চালান আসামে যাওয়ার বিষয়টি আলোচনায় এলে দুই পক্ষেই বলা হয়, পরীক্ষামূলক এই ট্রান্সশিপমেন্টের ত্র"টি-বিচ্যুতিগুলো খুঁটিয়ে দেখে ভবিষ্যতে পুরো মাত্রায় ট্রানজিট চালু করা হবে।
দুই প্রধানমন্ত্রীই বৈঠকে একমত হন যে, আঞ্চলিক উন্নয়নের জন্য যোগাযোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।
ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চুক্তি করার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান এই কর্মকর্তা।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৫৪১ ঘ.
bdnews24