২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোসাগরে সাঙ্গু-৪ কূপ পরিত্যক্ত ঘোষণা

সাগরতলে ৩ হাজার ৪ শ' মিটার গভীর পর্যন্ত খননের পর পানির চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে সান্টোস বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের 'দক্ষিণ সাঙ্গু-৪' কূপের খনন কাজ পরিত্যক্ত ঘোষণা করেছে সান্টোস বাংলাদেশ। সাগরতলে ৩ হাজার ৪ শ' মিটার গভীর পর্যন্ত খননের পর পানির চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে অস্ট্রেলিয়াভিত্তিক এই কোম্পানি। সান্টোসের সহ-সভাপতি (গভর্নমেন্ট অ্যান্ড পাবিলক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দোলাহ সাংবাদিকদের জানান, এই কূপটি পরিত্যক্ত হলেও গ্যাস অনুসন্ধানের জন্য শিগগিরই 'সাঙ্গু-১১' নম্বর কূপে খনন শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "৩ হাজার ৪ শ' মিটার খননের পর কূপে পনির চাপ ব্যাপক হারে বেড়ে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে খনন কাজ পরিত্যক্ত করা হয়। এখন এটি সিমেন্টিং করে দেওয়া হবে।" বিষয়টি পেট্রোবাংলাকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর 'দক্ষিণ সাঙ্গু-৪' কূপে খনন শুরু করে সান্টোস। এখান থেকে গ্যাস পাওয়া গেলে তা থেকে আগামী বছরের ফেব্র"য়ারি নাগাদ উত্তোলন শুরুর কথা ছিল। এই কূপ খননে ব্যবহৃত রিগটি স্থানান্তর করে 'সাঙ্গু-১১' নম্বর কূপে নিয়ে যাওয়া হবে জানিয়ে সান্টোস কর্মকর্তা সিরাজ বলেন, ১৫ নভেম্বরের পর সেখানে খনন শুরু হতে পারে। বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য সিঙ্গাপুর থেকে গত ১৮ সেপ্টেম্বর এই রিগটি আনা হয়। বঙ্গোপসাগরে ১৬ নম্বর ব্লকে সাঙ্গু-১১ ছাড়াও আরও একটি কূপ খনন করবে সান্টোস। উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপে আগামী বছরের ৮ জানুয়ারি খনন শুরুর কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৫০৪ ঘ.