ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি বাধা না থাকলে এবং নীতিমালার অন্যান্য শর্ত ঠিকমতো পূরণ করা হলে টু-জি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স 'একই সময়ে' নবায়ন করার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
স্পেক্ট্রাম ফি ও ভ্যাট নিয়ে দুই মোবাইল অপারেটরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসির) পৌঁছায়। এর অনুলিপি চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকেও পাঠানো হয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি নির্দেশনা এসেছে। এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। দুপুরে বৈঠকে বসবো। পরে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।"
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাফিউল হাসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল অপারেটরদের স্পেক্ট্রামের ক্ষেত্রে 'মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর' প্রযোজ্য হবে না। এছাড়া কোম্পানিগুলোই উৎসে ভ্যাট কেটে রেখে বিটিআরসিকে 'ফি, চার্জ ও রেভিনিউ শেয়ারিং'- এর অর্থ পরিশোধ করবে।
মন্ত্রণালয়ের এই নির্দেশনা কার্যতঃ অপারেটরদের পক্ষেই গেলো।
গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। সে অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা।
লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতোমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে। তবে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের জেরে গ্রামীণফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে আদালত।
গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি। গ্রামীণফোনের দাবি, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।
গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই।
এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন তিনি।
এর আগে বাংলালিংকও বিটিআরসির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ এনে আদালতে যায়। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা আসে হাইকোর্ট থেকে।
লাইসেন্স নবায়ন নিয়ে 'কয়েকটি' অপারেটর নীতিমালার কয়েকটি বিধান 'স্পষ্ট' করার অনুরোধ জানিয়েছে উল্লেখ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, "বিটিআরসি ইস্যুকৃত নোটিশে গ্রামীণফোন ও বাংলালিংককে প্রদানকৃত যথাক্রমে ৭.৪ মেগাহার্জ ও ২.৬ মেগাহার্জ স্পেক্ট্রামের ক্ষেত্রে গাইডলাইনের অনুচ্ছেদ ৮ এ বর্ণিত 'মার্কেট কম্পিটিশিন ফ্যাক্টর' প্রযোজ্য করা হয়েছে। এছাড়া বিটিআরসির নোটিশে বলা হয়েছে, মোবাইল লাইসেন্স নবায়নের জন্য প্রযোজ্য সব ফি ও চার্জ কোনরকম কাটছাঁট ছাড়াই পরিশোধ করতে বলা হয়েছে। অর্থাৎ মূল্যে সংযোজন কর বিধিমালা, ১৯৯১ এর ১৮ (ঙ) অনুযায়ী জাতীয় রাজস্ববোর্ডের ধার্য করা মূল্যে সংযোজন কর (ভ্যাট) উৎসে কর্তন করা যাবে না।"
এ বিষয়ে মন্ত্রণালয় বলেছে, মোবাইল লাইসেন্স নীতিমালা অনুযায়ী ২০০৮ সালের বরাদ্দ করা স্পেক্ট্রামের ক্ষেত্রে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর প্রযোজ্য হবে না। অর্থাৎ অপারেটরদের গ্রাহক সংখ্যার ভিত্তিতে স্পেক্ট্রাম ফি নির্ধারণ করা যাবে না।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মূল্য সংযোজন কর বিধিমালার অধীনে লাইসেন্স নবায়ন ফি এবং লাইসেন্স শর্তাধীনে ফি/চার্জ/রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে "মোবাইল অপারেটরগুলোই (সুবিধা গ্রহনকারী) প্রযোজ্য মূসক উৎসে কর্তন করে বিটিআরসি (সুবিধা প্রদাণকারী) কর্তৃপক্ষকে অর্থ প্রদান করবে।"
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, এ দুটি বিষয়ে একধিক মোবাইল অপারেটর আদালতের নির্দেশনা চেয়েছে। তবে এ ব্যাপারে আদালতের কোনো বিধিনিষেধ নেই বলেও মন্ত্রণালয়কে জানিয়েছে তারা।
তাছাড়া "ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অপারেটরের লাইসেন্স নবায়ন করা হলে এ খাতে বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে" উল্লেখ করে একই সময়ে লাইসেন্স নবায়ন করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৩৪৬ ঘ.
bdnews24