২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস আদালত খুলেছে, তবে উপস্থিতি কম

ঈদে তিন দিনের ছুটি শেষে সরকারি অফিস-আদালত-ব্যাংক খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে তিন দিনের ছুটি শেষে সরকারি অফিস-আদালত-ব্যাংক খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে। গত ৭ নভেম্বর ছিলো ঈদুল আজহা। এ উপলক্ষে ৬, ৭ ও ৮ নভেম্বর ছিলো ছুটি। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বুধবার ভিড় একদমই দেখা যায়নি। সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করলেও তার সংখ্যা বেশি ছিলো না। সচিবালয়ের অনেক কক্ষে সকাল ১১টায়ও তালা ঝুলতে দেখা গেছে। যারা এসেছেন, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেই বেশি দেখা গেছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢাকার নিু আদালতপাড়াও ছিল একরকম ফাঁকা। অধিকাংশ বিচারক ছুটিতে থাকায় বিচার কার্যক্রম ছিল কার্যত অচল। আর যারা কর্মস্থলে এসেছেন, তারাও এজলাসে বসেছেন দেরি করে। সচিবালয়ের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির পর বুধবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার প্রায় ৫০ শতাংশ। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটি শেষ হলেও অনেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে পারেনি, তাই উপস্থিতির হার কম।" সচিবালয় পুরোপুরি সচল হতে আগামী রোববার লেগে যাবে বলে তার ধারণা। ঈদের ছুটির দুদিন পর দুদিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় অনেকে সময় নিয়ে আসছেন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান। সচিবালয়ে দশনার্থীদের অভ্যর্থনা কক্ষটি একেবারে খালি দেখা গেছে। যেখানে প্রতিদিন শতাধিক মানুষের ভিড় থাকে, বুধবার সকাল ১১টায় সেখানে মাত্র কয়েকজনকে পাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গুলিস্তান ও মতিঝিল এলাকায় কয়েকটি সরকারি অফিস ও ব্যাংক ঘুরেও সচিবালয়ের মতো চিত্রই দেখা যায়। সকালে ঢাকার জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, বিশেষ জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত ঘুরে দেখা যায়, আদালতের কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশই অনুপস্থিত। বিচারপ্রার্থীর সংখ্যাও ছিল কম। রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও আদালতে দেখা যায়নি খুব একটা। ঢাকার জেলা জজ আদালতের পেশকার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদালতের অধিকাংশ বিচারকই ঈদের ছুটির সঙ্গে আরো দুই দিন ছুটি নিয়েছেন। তাই অধিকাংশ এজলাস ফাঁকা। এ বিষয়ে জানতে চাইলে এ আদালতের সরকার পক্ষের প্রধান আইনজীবী ফকির দেলোয়ার হোসেন বলেন, "বিচারকদেরও ছুটি পাওয়ার অধিকার রয়েছে। দুই দিনের ছুটিতে মামলা জট বাড়বে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিবি/এমআই/জেকে/১৯২০ ঘ.