২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ গেলেন প্রধানমন্ত্রী

সপ্তদশ সার্ক সম্মেলনে যোগ দিতে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তদশ সার্ক সম্মেলনে যোগ দিতে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপে সার্ক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন হাসিনা। বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টিও ওঠার কথা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুধবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে মালদ্বীপ রওনা হন। বিকাল সাড়ে ৩টায় তার মালদ্বীপের গান বিমানবন্দরে পৌঁছানোর কথা। হজরত শাহজালালবিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হলেও এরপর এ জোটে যোগ দেয় আফগানিস্তান। প্রথম সার্ক সম্মেলন হয়েছিলো ঢাকায়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এ জোটের কাছে অনেক প্রত্যাশা থাকলেও তার খুব কমই পূরণ হয়েছে। জোটের দুই বড় রাষ্ট্র ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনকেই এ জন্য দায়ী করে আসছেন বিশ্লেষকরা। মালদ্বীপে ১০ ও ১১ নভেম্বর হবে শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- সেতুবন্ধন রচনা। গতবার ভুটান সম্মেলনের প্রতিপাদ্য ছিলো- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। এ নিয়ে তৃতীয়বার সার্ক সম্মেলন আয়োজন করছে মালদ্বীপ। এর আগে ১৯৯০ ও ১৯৯৭ সালে দেশটিতে এ সম্মেলন বসেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২২৬ ঘ.