পিরোজপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আধিপাত্য বিস্তার নিয়ে দু'দলের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হন একশ'রও বেশি।
মঙ্গলবার সকালে পেনাখালী গ্রামে এ সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট হয়।
গৌরনদী থেকে দমকলের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে।
নিহতরা হলেন ইয়াহিয়া দাড়িয়া (৩০) ও বাবুল শেখ (৩২)। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিঞা আতিকুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দাড়িয়া ও হাওলাদার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জেরে সকাল ১১টার দিকে এই পক্ষের সমর্থকরা সড়কি, লাঠি, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় হাওলদার গোষ্ঠীর লোকজন দাড়িয়া পক্ষের ২০-২৫টি বাড়িতে আগুন দেয় এবং লুটপাট চালায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
পরে পুলিশ গিয়ে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পিরোজপুর ও টুঙ্গিপাড়া থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24