২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসেবী কর্মকর্তার সাজা

ফরিদপুরে মাদক সেবনের সময় হাতেনাতে আটক এক সরকারি কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ফরিদপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে মাদক সেবনের সময় হাতেনাতে আটক এক সরকারি কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আরিফ হোসেন (৩৭) সদরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তার সঙ্গী ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আকরামুজ্জামান ওরফে মিঠু মুন্সীরও (৩৫) একই সাজা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান সাজার এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে। মাদক বিক্রির অপরাধে আজাদ সিকদার (৩৮) নামে অন্য এক জনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে রাত ১০টার দিকে হাকিম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হোগলাডাঙ্গি-সদরদী এলাকায় আজাদ সিকদারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মাদক সেবনরত অবস্থায় আরিফ ও মিঠু ধরা পড়েন। ওই বাড়িতে একশ' গ্রাম গাঁজা, পাঁচটি ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.