নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে একটি বাড়িতে তিতাস গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়ে একই পরিবারের আটজন আহত হয়েছে।
বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তিনটি ঘরও পুড়ে যায় বলে দমকল বাহিনী জানিয়েছে।
শনিবার রাত ২টার দিকে পাইকপাড়া বেপারীগলির মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দমকল কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন মানিক মিয়া (৬৫), তার স্ত্রী আলেয়া বেগম (৫৫), তাদের বড় মেয়ে সুমনা (৩৮), মেজ মেয়ে ঝুমা (২৫), নাদিয়া (২০), ছেলে আল আমিন (১৮), অমর (১৩) ও সুমনার চার বছরের ছেলে সজিব।
এদের মধ্যে মানিক মিয়া, সুমনা, ঝুমা ও সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা জানায়, আকস্মিকভাবে তিতাস গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটলে তিনটি ঘরে আগুন ধরে যায়। ওই তিনটি ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এ সময় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শহরের ম-লপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির জানান, মানিক মিয়ার পরিবারের লোকজন ওই সময় ঘুমিয়ে ছিলেন। গ্যাস রাইজারে বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়।
কারো সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
তিনি আরো জানান, লাইনে গ্যাসের চাপ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়, ক্ষয়ক্ষতিও হয় বেশি। পরে তিতাস গ্যাসের লোক গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24