২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে যাত্রায়ও শেষ ছিলো না ভোগান্তির

ঈদের আগের দিনেও রাজধানী থেকে যারা বাড়ি ফিরেছেন, বাস ও রেল স্টেশন ঘুরে তাদেরও সেই পুরনো ভোগান্তিতেই পড়তে দেখা গেছে। আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

আশিক হোসেনের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক দিনের মতো রোববারও রাজধানীর বাস ও রেল স্টেশনগুলোতে ভিড় দেখা যায়। এ ভিড় সেই সব মানুষের, যারা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী থেকে বাড়ি যাচ্ছেন। তবে বাস না পাওয়া, ট্রেন সময় মতো না ছাড়ার চিত্রের বদল হয়নি একটুও। সোমবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হলেও আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ঈদে ফেরার এই যাত্রা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকেই। যারা বিভিন্ন কাজে আটকে গিয়েছিলেন কিংবা বাস বা ট্রেনের টিকিট পাননি, তারাই ঈদের আগের দিন রোববার বাড়ির পথে রওনা দিচ্ছেন। রাজধানীর একটি বেসরকারি অফিসে চাকরি করেন মাহবুবুর আলম। তিনি যাবেন পঞ্চগড়ে। আগেই টিকিট কেটে রেখেছিলেন রোজিনা পরিবহনে। শনিবার রাত ৯টায় গাবতলী থেকে গাড়ি ছাড়ার কথা থাকলেও রোববার সকাল ১১টা গাড়ির দেখা পাননি তিনি। মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত কষ্ট করেও যদি বাড়ির সবার সঙ্গে ঈদ করতে পারি, তাহলে কষ্ট সার্থক হবে।" রোজিনা এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন জানালেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে গাড়ি আসতে পারছে না। দিনাজপুরগামী যাত্রী রূপালি বেগম জানালেন, তার হানিফ এন্টারপ্রাইজের বাস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও ১১টা পর্যন্ত এসে পৌঁছেনি। "গাড়ি যে কখন আসবে, তার কোনো ঠিক নেই। প্রতিবার ঈদের আগে এ ভোগান্তি আর ভালো লাগে না। সরকারের এ বিষয়টা একটু গুরুত্বের সঙ্গে দেখা উচিত," বলেন অপেক্ষায় অতিষ্ঠ রূপালি। গাবতলীর মতো চিত্র দেখা গেলো মহাখালী বাস টার্মিনালেও। সকাল থেকেই যাত্রী থাকলেও বাস ছিলো না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ময়মনসিংহের যাত্রী হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টায় টার্মিনালে এসেছি, চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো বাসের টিকিট পাইনি।" মহাখালী টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, "এ টার্মিনাল থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয় না। যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।" কমলাপুর রেলওয়ে স্টেশনেও অপেক্ষা করছিলেন কয়েক হাজার মানুষ। দুপুর ১টায়ও স্টেশনে গিয়ে দেখা মেলেনি সকাল ৯টার দিনাজপুরগামী 'একতা এক্সপ্রেসের'। ওই ট্রেনের যাত্রী জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেন ছাড়ার কথা ৯টায়। কিন্তু কখন আসবে কেউ বলতে পারছে না।" পরিবারের সাত সদস্যকে নিয়ে তিনি ঈদ করতে যাবেন দিনাজপুরের বিরামপুরে। সকাল সাড়ে ৮টার লালমনিরহাটগামী 'লালমনি এক্সপ্রেস' দুপুর সাড়ে ১২টায় স্টেশন ছাড়ে। ট্রেনটিতে তিল ধারণেরও জায়গা নেই। ছাদেও জীবনের ঝুঁকি নিয়েও অনেককে চড়তে দেখা যায়। ছাদের যাত্রী রেজানুর বলেন, "পরিবারের সঙ্গে ঈদ কাটাতেই হবে। তাই কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছি।" বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত যাত্রীর কারণে উত্তরাঞ্চলের কয়েকটি রুটে কিছুটা সমস্যা রয়েছে। তবে অন্য রুটগুলোতে সমস্যা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৩০ ঘ.