নরসিংদী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর নিহত পৌর মেয়র লোকমান হোসেনের বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদী সদর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর দেড়টার দিকে শহরের বাসাইল এলাকায় লোকমান হোসেনের বাড়ির পাশে মজিবর রহমানের প্লটের দেয়ালের পাশে পড়ে থাকা অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
"লাল টেপ দিয়ে মোড়ানো তাজা বোমাগুলো একটি গামছায় পেঁচিয়ে ফেলে রাখা হয়েছিলো। সেগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে।"
গত মঙ্গলবার রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে আহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়। ওই রাতেই পুলিশ নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
লোকমান হত্যার ঘটনায় ছাত্রলীগ মঙ্গলবার নরসিংদী শহরে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর চালায়। বুধবার একটি ট্রেনও পুড়িয়ে দেয় তারা।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।
লোকমান হত্যার পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলার পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়াকে প্রত্যাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) এনামুল কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাককে বদলির আদেশ দেওয়া হয়।
ওসি আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার পরে বোমাগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৩৮ ঘ.
bdnews24