গাইবান্ধা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ১৩ দিন পর গাইবান্ধার এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে সদরের রিফাইতপুর গ্রামের একটি ধান ক্ষেতে আফজাল হোসেনের (৩০) লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের মাঠপাড়ার মনছুর আলীর ছেলে।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আফজাল আর ফেরেননি বলে পরিবারের সদস্যরা জানান।
সদর থানার ওসি আফজাল হোসেন খান বলেন, বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে আফজালের মা ফরিদা বেওয়া বাদী হয়ে গ্রামের মিন্টু মিয়া (৩০) ও মোর্শেদা বেগমসহ (২৫) ১০ জনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন।
আফজালের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, মোর্শেদার স্বামী আশরাফুল ইসলাম বিদেশে থাকায় মিন্টু মিয়ার সঙ্গে মোর্শেদার অনৈতিক সম্পর্ক রয়েছে। আফজাল বিষয়টি মোর্শেদার স্বামীকে জানানোয় তাকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24