কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কোরবানির ১৯টি হাটের অধিকাংশগুলোতেই নির্ধারিত স্থান ছাড়িয়ে সড়কে পশুর অবস্থান দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
ঢাকা সিটি কর্পোরেশন অনুমোদিত ১৩টি এবং জেলা প্রশাসকের অনুমোদিত ছয়টি মিলিয়ে রাজধানীতে মোট বৈধ হাট ১৯টি। এসব হাটের অনেকগুলোরই পাশের সড়কে বাঁশের খুঁটি বসিয়ে গরু-ছাগল বাঁধা থাকতে দেখা যায়।
শুক্রবার বিকালে বংশালে আটকে থাকা রিকশাযাত্রী নওশের আহমেদ জানান, আলুবাজার থেকে ইংলিশ রোডের মোড় পর্যন্ত আসতে তার দুই ঘণ্টা লেগেছে।
গুলিস্তান থেকে রিকশায় ওঠা এই ব্যক্তি সহজে সদরঘাট যাওয়ার পথ খুঁজছিলেন। সঙ্গে বড় দুটি ব্যাগ থাকায় স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা নিয়ে হেঁটেও যেতে পারছে না নওশের।
নওশেরের মতো অনেকেই তাদের এ দুর্ভোগের জন্য ইংলিশ রোডে গরু-ছাগল রাখাকেই দায়ী করেন।
"আরমানিটোলা খেলার মাঠের ইজারা হয়েছে, অথচ গরু ইংলিশ রোডের মধ্যে। এটা কীভাবে হয়," বলেন নওশের।
পুরান ঢাকার নয়াবাজারের বিভিন্ন এলাকা ঘুরে সড়কের ওপরই অসংখ্য গরু দেখা যায়। মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে গরুর হাট বসায় রোগীদের হাসপাতালে ঢুকতেও সমস্যা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপ-কমিশনার খুরশিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চেষ্টা করছি, হাট যেন সীমানার মধ্যেই থাকে। তবে আমাদের হিমশিম খেতে হচ্ছে।"
হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজের সামনের রাস্তায় একটি হাট বসেছে। ইকবাল নামে স্থানীয় এক জন বলেন, প্রায় ২০ বছর ধরে এভাবে চলে আসছে।
"এভাবে রাস্তায় গরুর হাট বসায় এলাকাবাসীর চলাফেরা করতে খুবই অসুবিধা হয়," বলেন তিনি।
পশুর হাটের কারণে যাত্রাবাড়ী, সদরঘাট, গাবতলী, মহাখালী ও কমলাপুর স্টেশনে যেতে ঘরমুখো মানুষেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
১৯টি হাট ছাড়া ঢাকা মহানগরীতে বেশ কয়েকটি অবৈধ পশুর হাটও দেখা গেছে, যদিও কর্তৃপক্ষ তা স্বীকার করছে না।
সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকায় অবৈধ পশুর হাটের সংখ্যা বেশি। যাত্রাবাড়ী থানা এলাকায় দুটি হাটের অনুমাতি থাকলেও সুতিখালপাড়, ধলপুর, মাতুয়াইলে পাঁচটি অবৈধ হাট দেখা গেছে।
দোলাইড়পাড়ে গীত-সংগীত সিনেমা হলের সামনে এবং পোস্তাগোলায়ও দুটি অবৈধ হাট রয়েছে। এছাড়া শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী, সূত্রাপুর, গাবতলী, আমিন বাজার, খিলগাও, মেরাদিয়া, রামপুরায়ও অবৈধ হাট বসতে দেখা গেছে।
তবে ওই এলাকার সব থানার পুলিশ কর্মকর্তাদেরই একই কথা, কোনো অবৈধ হাট তাদের নজরে আসেনি।
কোরবানির হাট নিয়ে অনিয়ম দেখতে ঢাকা মহানগরীতে চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ভ্রাম্যমান আদালতগুলো অবৈধ কোনো হাট পায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা জেলার অতিরিক্ত হাকিম এসএম মাহবুবুর রহমান।
হাটের গরু সড়ক থেকে সরানোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গরু ভেড়ানো নিয়ে দুই হাটের ইজারাদারদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে রিপন ও সজিব নামে দুই যুবক সোয়ারীঘাট এলাকায় মারামারিতে আহত হয়ে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।
রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহমতগঞ্জ খেলার মাঠে গরু নেওয়াকে কেন্দ্র করে নয়াবাজারের হাটের লোকদের সঙ্গে মারামারিতে তিনি আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24