গাইবান্ধা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চট্টগ্রামের এক গরু ব্যবসায়ীর সাড়ে পাঁচ লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়েছে কয়েকজন চিহ্নিত দুর্বৃত্ত।
প্রায় এক সপ্তাহ আগে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রাণভয়ে এবং স্থানীয় এক ইউপি সদস্যের বাধায় থানায় মামলা করতে পারেননি বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
চিনতাইয়ের শিকার হন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল এলাকার জালাল উদ্দিন মুন্না।
জালাল উদ্দিন মুন্না জানান, তিনি প্রতিবছর সাদুল্লাপুর এসে ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী নূর মোহাম্মদ, নয়নপুর গ্রামের আব্দুল কাউয়ুম ও আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে স্থানীয় বিভিন্ন হাট থেকে গরু কিনে চট্টগ্রাম নিয়ে যান।
গত ৩ অক্টোবর তিনি সাদুল্লাপুর এসে বেশকিছু গরু কিনে চট্টগ্রাম পাঠান। এরপর খবর দিয়ে বাড়ি থেকে আরো টাকা আনেন ব্যাংকের মাধ্যমে।
গত রোববার তিনি ও তার ছোট ভাই ওসমান গোবিন্দগঞ্জের ব্র্যাক ব্যাংক থেকে টাকা নিয়ে ফরিদপুরে নূর মোহাম্মদের বাড়ি ফিরছিলেন।
পথে ঘেঘারবাজারের কাছে এলে ফরিদপুর গ্রামের কালিয়া রঞ্জু (৩০), খোদাবক্স গ্রামের আশরাফ (২৭), মোস্তাফিজুর (২৫), নয়নপুর গ্রামের রনজিৎ (২৬), শাহারুল (২৮), নুরুন্নবী (৩৩), ভোলাসহ (১৮) ১০-১২ জন তাদের কাছ থেকে ৫ লাখ ৫৯ হাজার ৮শ' টাকা ছিনিয়ে নেয়।
পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বলেন।
পরদিন তিনি সাদুল্লাপুর গিয়ে বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে গেলে ফরিদপুর ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ড় সদস্য হযরত আলী তাকে বাধা দেন। হযরত আলী টাকা উদ্ধারের আশ্বাস দিয়ে তাকে ফরিদপুর ফেরত পাঠান।
কিন্তু সেখানে ছিনতাইকারীরা তাকে জীবননাশের ভয় দেখিয়ে জোরপূর্বক দেড়শ' টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে ধাপেরহাট বাস স্ট্যান্ডে নিয়ে চট্টগ্রামের বাসে তুলে দেয়।
জালাল উদ্দিন মুন্না আরো জানান, আইনগত ব্যবস্থা নিলে হত্যার হুমকি দেওয়ায় তিনি থানায় মামলা করেননি।
ইউপি সদস্য হযরত আলী তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।
ফরিদপুর ইউপি চেয়ারম্যান নূর আজম ম-ল নীরব বলেন, "ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমি টাকা উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাই তাকে আইনের আশ্রায় নেওয়ার পরামর্শ দিই।"
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তুু লিখিত অভিযোগ না পাওয়ায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.
bdnews24