নরসিংদী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার বিচার দাবিতে সভা করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
দলের জেলা সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সাংসদ নজরুল ইসলাম হিরু, আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক মোহন ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া প্রমুখ সভায় বক্তব্য দেন।
বক্তারা লোকমানের খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি দুপুরে লোকমান হোসেনের শহরের বাসাইলের বাসভবনে যান। ওই সময় নিহতের স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
এদিকে লোকমান হত্যার ঘটনায় তার ভাই মো. কামরুজ্জামানের করা মামলাটি পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ ম-লকে মামলাটির তদন্তভার দেওয়া হয়।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। এই হত্যার প্রতিবাদে বুধবার থেকে নরসিংদীতে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। হরতালের প্রথম দিন সকাল ১০টার দিকে নরসিংদী স্টেশন এলাকায় এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে ওই ট্রেনের নয়টি বগি পুড়ে যায়।
এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন ও স্টেশন ভাঙচুরের ঘটনায়ও দুটি মামলা হয়েছে।
নরসিংদী শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের প্রতিটি সড়কে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24