গোপালগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে নয় মাসের একটি শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটির পরিবারের কেউ এ কাজ করেছে বলে পুলিশের সন্দেহ।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার চর পুকুরিয়া গ্রামে শিশু হত্যার এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ওই গ্রামের জাহিদুল শেখের মেয়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবা জাহিদুল, মা জেসমিন বেগম ও দাদি মালতী বেগমকে আটক করেছে পুলিশ।
জেসমিন ও মালতী পুলিশকে বলেন, তারা বৃষ্টির সঙ্গে একই খাটে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ৪/৫ জন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে জাহিদকে না পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে একটি কোপ বৃষ্টির গলায় লাগে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, "শিশুটির মা ও দাদির বক্তব্য অসংলগ্ন। দুবৃর্ত্তরা হত্যা করলে যে ধরনের আলামত থাকার কথা, তাও পাওয়া যাচ্ছে না। প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে ওই শিশুটিকে হত্যা করা হতে পারে।"
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, গত ১ অগাস্ট ওই গ্রামের আল আমীন মৃধাকে হত্যা করা হয়। ওই মামলার বাদিপক্ষের লোক জাহিদুল শেখ।
মামলার আসামিরা বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা জজ আদালত থেকে জামিনে মুক্তি পায়। তাদের পুনরায় ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24