নরসিংদী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যার ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে দায়ের মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী ব্যক্তিদের গুলিতে নিহত হন লোকমান। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানায় এ মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান।
সদর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার আসামিরা হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীন ভূঁইয়া, সদর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. মঞ্জুর, নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার, মোবারক হোসেন, মনোয়ার হোসেন খান, হিরণ মিয়া, তারেক আহমেদ, কবীর সরকার, আজিজ মিয়া ও মামুন।
টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই বাচ্চুকে মামলার আসামি করা প্রসঙ্গে বাদী কামরুজ্জামান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাচ্চু সার্কিট হাউজে বসে আমার ভাইকে হত্যার পরিকল্পনা করেছেন।"
অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান নরসিংদী জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলেন। এই ইচ্ছার কথা তিনি বিভিন্ন জনকে জানিয়েছিলেন। মন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চুর নামও একই পদে আলোচনায় থাকায় দুজনের সম্পর্কের অবনতি ঘটে বলে স্থানীয় নেতারা জানান।
লোকমান হত্যাকাণ্ডে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর মদদ রয়েছে বলেও ইতিমধ্যে অভিযোগ করেছেন নরসিংদী ছাত্রলীগ নেতারা।
এদিকে হত্যাকাণ্ডের পরপর নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপি কর্মী সজীব দাসসহ ছয় জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
বিএনপি বলছে, লোকমান খুন হয়েছেন আওয়ামী লীগের ভেতরের কোন্দলে। আর মূল ঘটনা আড়াল করতেই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫২৩ ঘ.
bdnews24