কুমিল্লা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।
কুমিল্লা হাইওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার বলেন, মূলত সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। তবে এরপরও ধীরগতিতে গাড়ি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক চৌধুরী জানান, তিনি বৃহস্পতিবার রাতে ঢাকার ফকিরাপুল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সাড়ে ১২টার টিকেট কাটলেও যানজটের কারণে বাস আসতে দেরি হওয়ায় তার যাত্রা শুরু হয় রাত ২টার পর। কুমিল্লার দাউদকান্দি পার হতেই লেগে যায় ৮ ঘণ্টা।
ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক সার্ভিসের চালক মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ জট কমানোর চেষ্টা করলেও খুব একটা কাজ হচ্ছে না। ঈদ সামনে রেখে অনেক বেশি গাড়ি রাস্তায় নামায় সামান্য এদিক-ওদিক হলেই জট বেঁধে যাচ্ছে।
শুক্রবার দুপুরে মহাসড়কে কুমিল্লা জেলার ৩০ কিলোমিটার এলাকায়, বিশেষ করে গৌরিপুর, মাধাইয়া ও চান্দিনা এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে।
সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, "পুলিশ ও মহাসড়ক পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১২২৩ ঘ.
bdnews24