সিরাজগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম এল মোফাখ্খর) এক নেতা নিহত হয়েছেন।
নিহত আঞ্চলিক কমান্ডার খোরশেদ আলমের (৩৪) বাড়ি উপজেলার জটিবাড়ি রসুলপুর গ্রামে।
র্যাব ঘটনাস্থল থেকে ১টি বিদেশি রিভলবার, ৪টি দেশি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি ছাড়াও ২টি চাপাতি, ১টি রামদা, ২টি ছোরা, ১টি বল্লম উদ্ধার করেছে।
র্যাব-১২ এর স্পেশাল কমান্ডার এএসপি রবিউল হাসান জানান, ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে র্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার চর-টেংরাইল গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে খোরশেদ ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় খোরশেদ আলম নিহত হয়।
সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
র্যাব জানিয়েছে, খোরশেদ আলম আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফিরোজ মাস্টার ও উপজেলা ছাত্রদল নেতা শামসুল হুদা হত্যাসহ পাঁচটি হত্যা মামলার পলাতক আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো ১০টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১৪৯ ঘ.
bdnews24