ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না করার বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। দেখি কী জবাব আসে।"
সেনা মোতায়েন নিয়ে সরকারের সঙ্গে 'একটা গ্যাপ' রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২৮ অক্টোবর সকাল থেকে নির্বাচনী এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের নির্দেশনা দেয়। কিন্তু তা না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে কমিশন ও সরকার। প্রধান বিরোধী দল বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটের ৭ ঘণ্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এটিএম শামসুল হুদা ওইদিন হতাশা প্রকাশ করে বলেন, কমিশনের নিদের্শনা মানার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সরকার তা করেনি।
অবশ্য প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দাবি করেন, সেনা মোতায়েন না হওয়ায় "সংবিধানের ব্যত্যয় ঘটেনি।"
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে সেনাবাহিনী সরকার-প্রধানের অধীন জানিয়ে শেখ হাসিনা বলেন, "সরকার-প্রধানই সিদ্ধান্ত নেবেন সেনাবাহিনী ব্যারাকের বাইরে যেতে পারে কি পারে না।"
নারায়ণগঞ্জে ৩০ অক্টোবর শান্তিপূর্ণ ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয়ী হন। ভোটের দিন সন্ধ্যায় কমিশন সচিবালয়ে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে 'বোঝাপড়া' করবে।
এরপর মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেবেন তারা। বৃহস্পতিবার শেষ বেলায় সশস্ত্র বাহিনী বিভাগের ব্যাখ্যা চেয়ে এই চিঠি পাঠায় কমিশন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, "এখন বিভিন্ন ধরনের জবাব আসছে। প্রধানমন্ত্রী যা বলছেন তা উনার বক্তব্য। দেখি, জবাবটা কী আসে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১১০১ ঘ.
bdnews24