মাদারীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকার বাদশা হাওলাদার (৬০) ও জব্বার হাওলাদারের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সকালে বাদশা হাওলাদার বিরোধপূর্ণ জমিতে ইটের দেওয়াল নির্মাণ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বাদশা হাওলাদার (৬০), মতিন (৩০), হান্নান (৩২), মান্নান (৩০), টুকু মাদবর (৪৫), মইনুল (২৫) কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া মইনুল নামে আরেক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪০৬ ঘ.
bdnews24