নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার দুপুরে রূপগঞ্জ থানায় তিনি এই জিডি করেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে নরসিংদীর পৌর মেয়র আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় তিনি আতঙ্কিত বলে জিডিতে উল্লেখ করেন।
জিডিতে তিনি বলেন, ঢাকার অদূরে অবস্থিত তারাবো পৌর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
এ কারণে গত কয়েকমাস ধরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারাবো পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং রাতে পুলিশের টহল বৃদ্ধি করার অনুরোধ করেন তিনি।
রূপগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, জিডির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24