২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের জামিনের মেয়াদ ৬ মাস বাড়লো

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের জামিনের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঝালকাঠি, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের জামিনের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি নাঈমা হায়দারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয় বলে জানান আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত বিভাগের কর্মকর্তা অনির্বান সাহা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমনের পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের নিয়োজিত আইনজীবী আবু ওবায়দুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামিনের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে। ঝালকাঠি আদালতে নিয়োজিত লিমনের আইনজীবী আককাস সিকদার জানান, র‌্যাবের দেওয়া অস্ত্র মামলায় লিমনের আগের ছয় মাসের জামিনের মেয়াদ আগামী ৪ নভেম্বর শেষ হবে। এখন হাইকোর্টের আদেশে ২০১২ সালের ৫ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়লো। লিমনের মা হেনোআরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ হওয়ার ছয় মাস ২২ দিন পর ঢাকায় চিকিৎসা শেষে কৃত্রিম পায় লাগিয়ে গত ১৩ অক্টোবর লিমন গ্রামের বাড়িতে ফিরে আবারো লেখাপড়া শুরু করেছে। আগামী বছর লিমন এইচএসসি পরীক্ষায় অংশ নেবে বলে তিনি জানান। এ বছরের ২৩ মার্চ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় রাজাপুরের সাতুরিয়ার গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন। পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাম পা কেটে বাদ দিতে হয়। এদিকে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর থানায় পৃথক দু'টি মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.