২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার জন্য আগেভাগেই ইভিএম প্রচার

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ভোটারদের সচেতন করতে শিগগিরই কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রচার শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ভোটারদের সচেতন করতে শিগগিরই কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রচার শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের সফল ব্যবহারের কথা তুলে ধরে সাখাওয়াত বলেন, "কুমিল্লা সিটির এক তৃতীয়াংশ এলাকায় ইভিএম ব্যবহার করা হতে পারে। এজন্য এখন থেকেই ইভিএম নিয়ে প্রচারণা শুরু করা হবে।" গত বছরের জুনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের ১৪ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। ৩০ অক্টোবর এনসিসি নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রে ইভিএমে ভোট হয়। ভোটের আগে সেখানে ইভিএম নিয়ে এক সপ্তাহ প্রচারণা চালানো হয়। কুমিল্লা সিটি কর্পোরেশন ইভিএমে ভোট নেওয়া হলে এটি হবে তৃতীয় নির্বাচন যেখানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হলো। গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে এক করে ঘোষণা করা হয় দেশের অষ্টম সিটি কর্পোরেশন। নির্বাচন কমিশনার এক তৃতীয়াংশ কেন্দ্রে ইভিএম ব্যবহারের সম্ভাবনার কথা বললেও সবক'টি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের প্রস্তাব করা হবে বলে জানান কুমিল্লার নবনিযুক্ত উপ-নির্বাচন কমিশনার আব্দুল বাতেন। 'দরকার প্রচারণা' তবে বিস্তৃত পরিসরে ইভিএম ব্যবহারের আগে প্রচারণার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন অনেকে। ইভিএমের কারিগরি দেখভালকারী প্রতিষ্ঠান বুয়েটের আইআইসিটি পরিচালক অধ্যাপক লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীতে আগে থেকেই প্রচারণার উদ্যোগ নেওয়ার সুপারিশ আমারও করেছি। নারায়ণগঞ্জে মক ভোটিং ও ইভিএম নিয়ে প্রচারণা পর্যাপ্ত হয়নি।" সুশাসনের জন্য নাগরিক-সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক তোফালে আহমেদ বলেন, "ইভিএম নিয়ে ইসির পরীক্ষা এখনো শেষ হয়ে যায়নি। যন্ত্র সঠিক থাকলেও মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়াতে প্রচারণা বেশি চালাতে হবে।" "দুইটি নির্বাচনে সফল হলেই সব নয়। কুমিল্লায় সফল হলে আরো প্রসার বাড়বে। জাতীয় পর্যায়ে যাওয়ার আগে ইভিএম নিয়ে সচেতনতার জন্য আরো প্রচারণার বিকল্প নেই," যোগ করেন তিনি। এর আগে গত ২৪ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষে মত দেন গণমাধ্যম সম্পাদকরা। নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় সিটি কর্পোরেশনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত জটিলতায় গেজেট প্রকাশে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সেক্ষেত্রে বর্তমান ইসির অধীনে এ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটিএম শামুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে মধ্য ফেব্র"য়ারিতে। সাখাওয়াত জানান, আইন অনুযায়ী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে অনুযায়ী জানুয়ারির শুরুতেই কুমিল্লার নির্বাচন করতে হবে। এজন্য নভেম্বরের শেষ সপ্তাহে তফসিল করতে হয়। তিনি বলেন, "এখনো সীমানা পুনর্বিন্যাস করে গেজেট হয়নি। ওয়ার্ডের সঙ্গে সমন্বয় করে ভোটার তালিকাও বিন্যাস করতে হবে। আমাদের সময়ের মধ্যে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০৫৯ ঘ.