রাজবাড়ী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিখোঁজ এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া থেকে।
সোমবার দুপুরে কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামে মিঠু (১৭) নামের তরুণের লাশ পাওয়া যায়। মঙ্গলবার স্বজনরা লাশ সনাক্ত করেন।
মিঠু বালিয়াকান্দি উপজেলার তেঁতুলিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে। সে বহরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে মিঠু বহরপুর হাটে মরিচ বিক্রি করতে যায়। বাজার থেকে সে সদর উপজেলার নয়নদিয়া গ্রামে মামার বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপর থেকে সে খোঁজ ছিল।
পুলিশ কর্মকর্তা আরো জানান, সোমবার দুপুরে কুমারখালীর গোবিন্দপুর গ্রামের পদ্মা নদীর চরে একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে তার (মিঠু) কাছে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের খবর দেয়।
তার মাথায় জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24