নাটোর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকিতে এক সপ্তাহ অফিসে যেতে পারছেন না বলে দাবি করেছেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম।
তার অভিযোগ, গত ২৫ অক্টোবর পৌর কাউন্সিলর সদরুল ইসলাম তাকে (কাশেম) মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এ কারণে ২৬ অক্টোবর থেকে মঙ্গলবার (১ নভেম্বর) পর্যন্ত তিনি কার্যালয়ে যাচ্ছেন না।
এ অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বরাত দিয়ে জানান, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম অফিস থেকে বাড়ি ফিরছিলেন। পথে মীরপাড়া ত্রিমোহনী এলাকায় ওয়ার্ড কাউন্সিলর সদরুল ইসলাম ওরফে ডাম্বেল কয়েকজন সন্ত্রাসী নিয়ে তাকে থামিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে আপত্তি জানালে দুবৃত্তরা আবুল কাশেমকে মারধর করে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি কেড়ে নেয়।
এরপর জানিয়ে দেয়, চাঁদা না দেওয়া পর্যন্ত তিনি (প্রকৌশলী) যেন অফিসে না যান।
এ ঘটনায় পরদিন আবুল কাশেম বাদী হয়ে সদরুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।
ওসি আরো বলেন, এ ঘটনার পর ২৭ ও ২৮ অক্টোবর ওই কাউন্সিলর মামলা তুলে নেওয়ার জন্য আবারো হুমকি দেন। এই অভিযোগে প্রকৌশলী কাশেম সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
আবুল কাশেম জানান, ২৫ অক্টোবর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাউন্সিলর সদরুল তাকে গুলি করে পঙ্গু করে দিতে সঙ্গীদের নির্দেশ দেন। এরপর তাকে মোবাইল ফোনে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।
এরপর থেকে তিনি অফিসে যাওয়া বন্ধ রেখেছেন। বাড়িতে থেকে অফিসের কাজ করছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নাটোর পৌর মেয়র সৈয়দ এমদাদ হক আদালতে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সদরুল ইসলাম ওরফে ডাম্বেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24