২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই

শিশু অপহরণের চেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণের চেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল (৫০) ও আল আমিন (৩০)। মঙ্গলবার সকালে কাটাসুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে কাটাসুর নামাবাজারে গফুর হাজির বাড়ির কাছে একটি নাগরদোলা বসে। সোমবার সকালে এই নাগরদোলার মালিক মো. কামাল এলাকার দুই শিশু মিজান (৯) এবং কামারকে (৮) সদরঘাট নিয়ে যায়। শিশু কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এক ব্যক্তি তাদের ফুসলে সদরঘাট নিয়ে যায়। সেখানে কামালের এক আত্মীয়র সঙ্গে দেখা হলে তিনি জানতে চান তারা কোথায় যাচ্ছে। কামাল বলে, "ওই আত্মীয়কে দেখে যে আমাদের নিয়ে যাচ্ছিল সে দ্রুত পালিয়ে যায়। এরপর আমরা পায়ে হেঁটে কাটাসুরে বাসায় আসি।" এদিকে দুই শিশুকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি করে তাদের পরিবার। ওসি মাহমুদুল বলেন, "মঙ্গলবার ভোরে নাগরদোলার মালিক কামাল কাটাসুরে তার নাগরদোলা নিতে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। মিজান ও কামাল এসে জানায় এই ব্যক্তিই তাদের সদরঘাট নিয়ে গিয়েছিল।" "এরপর স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে কামালকে পুলিশের কাছে সোর্পদ করে।" কামালের সহযোগী হিসাবে আল আমিন নামে আরেকজনকে পরে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। তবে শিশু অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরদোলা নষ্ট হওয়ায় সোমবার সকালে তার সহকারীকে ঠিক করার দায়িত্ব দিয়ে তিনি কেরাণীগঞ্জের বাসায় চলে যান। মঙ্গলবার সকালে এলে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়। শিশু দু'টি তার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা বলে দাবি করেন কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/১৮৩০ ঘ.