২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

বাংলা প্রথমপত্র এবং বাংলা সাহিত্যের পরীক্ষা দিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:12 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা প্রথমপত্র এবং বাংলা সাহিত্যের পরীক্ষা দিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সারাদেশে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূচি অনুযায়ী এ পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। আর ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। জেএসসিতে এবার ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং জেডিসিতে তিন লাখ ২৩ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই হিসাবে পরীক্ষার্থীর মোট সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। এদের মধ্যে ছাত্র আট লাখ ৬১ হাজার ৭৬৪ জন এবং ছাত্রী নয় লাখ ৯৯ হাজার ৩৪৯ জন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। এবার দুই হাজার নয়টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে, যা গতবারের চেয়ে ২০৫টি বেশি। এছাড়া মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৩৬০ থেকে বেড়ে ২৭ হাজার ৩৬০ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষার ফলে পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভীতি কমে যাবে এবং পরীক্ষা পাসের একটি সনদ পেয়ে শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে। গতবারের মতো এবারো যারা তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য হবে, তাদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ থাকছে। তবে তাদের পরে পরীক্ষায় অংশ নিয়ে অবশ্যই পাস করতে হবে। এবার পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের বাড়তি সময় ৫ মিনিট বৃদ্ধি করে ২০ মিনিট করা হয়েছে। এছাড়া দৃৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীদের (যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না) জন্য শ্র"তি লেখকের সুযোগ রাখা হয়েছে। জেএসসি সময়সূচি ২ নভেম্বর বাংলা ২য় পত্র, ১৩ নভেম্বর ইংরেজি ১ম পত্র, ১৪ নভেম্বর ইংরেজি ২য় পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান, ১৬ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর ইসলাম শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা, ২০ নভেম্বর সাধারণ গণিত এবং ২১ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি/কৃষি শিক্ষা। জেডিসি সময়সূচি ২ নভেম্বর ইংরেজি, ১৩ নভেম্বর আরবি ১ম পত্র, ১৪ নভেম্বর আরবি ২য় পত্র, ১৫ নভেম্বর কুরআর মাজীদ ও তাজবিদ, ১৬ নভেম্বর আত্তাওহীদ ওয়াল ফিক্হ, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৯ নভেম্বর সাধারণ গণিত, ২০ নভেম্বর সামাজিক বিজ্ঞান এবং ২১ নভেম্বর কৃষি শিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এবার স্কুল পর্যায়ের বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/জেকে/১৬৫৭ ঘ.