গাইবান্ধা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের আড়াই মাস পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক পল্লী চিকিৎসকের কংকাল উদ্ধার করেছে পুলিশ।
গত ১২ অগাস্ট সকালে ছান্দিয়াপুর গ্রামের পল্লী চিকিৎসক তারেকুল ইসলাম তারাকে (৩৫) অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা।
সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলার গংগারামপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে তার কংকাল পাওয়া যায়।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা সাংবাদিকদের জানান, অজ্ঞাত এক ব্যক্তি রোববার ফোনে লাশটি কোথায় রয়েছে জানায়।
ওই চিকিৎসকের ব্যবহৃত প্যান্ট, গেঞ্জি এবং প্যান্টের পকেটে থাকা তার দোকানের চাবির গোছা দেখে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে।
ময়নাতদন্তের জন্য কংকালটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার জানান, ১২ অগাস্ট সকালে নিজের দোকানের জন্য ঔষধ কিনতে মোটরসাইকেলে উপজেলার মীরপুর হাটে গিয়ে তারেকুল ইসলাম আর বাড়ি ফেরেননি।
১৬ অগাস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বড়ভাই রজ্জব আলী।
এরপর ১৭ অগাস্ট আতিয়ার নামে স্থানীয় এক ব্যক্তির মারফত এবং মোবাইল ফোনে তাদের কাছে মুক্তিপণ হিসেবে তিনলাখ টাকা দাবি করে।
২২ অগাস্ট রজ্জব আলী বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত পুলিশ ওই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24