খুলনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হালিমকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টারে করে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
বিএসএমএমইউ'র আইসিইউতে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সিনিয়র সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিন।
রোববার বিকালে খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আব্দুল হালিম গুলিবিদ্ধ হন। এসময় তার ভাইপো নুরুল ইসলামও (৩০) আহত হন।
হামলার পরপরই আব্দুল হালিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দিঘলিয়া থানার ওসি মো. নাসিম খান জানান, হামলাকারীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। মামলাও হয়নি।
রোববার বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ থেকে চন্দনী মহল গ্রামে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া তেঘড়িয়া মোড়ের সেতুর কাছে ৮/১০জন মুখোশধারী আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, তার মাথা ও মুখসহ শরীরে কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24