ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে রোববার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
মালয়শিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে গত বুধবার রাতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ায় তিনি কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০১৩৩ ঘ.
bdnews24