২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা: ৫ আসামির অব্যাহতি আবেদনের শুনানি

২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা শেখ আবদুস সালাম, মাওলানা সাব্বির, মহিবুল্লাহ, মাওলানা ইয়াহিয়ার আবেদনের শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা শেখ আবদুস সালাম, মাওলানা সাব্বির, মহিবুল্লাহ, মাওলানা ইয়াহিয়ার আবেদনের শুনানি হয়েছে। রোববার ঢাকার নাজিমউদ্দিন সড়কের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি গ্রহণ করেন। পাশাপাশি বাকি আসামিদের অব্যাহতির আবেদন শুনানির জন্য ১ নভেম্বর দিন ঠিক হয়েছে। এ দুই মামলার নতুন আসামিদের মধ্যে ১২ জন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরী এবং খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক মাওলানা আবু তাহের, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং লুৎফুজ্জামান বাবরের পক্ষে অব্যাহতির শুনানি অনুষ্ঠিত হয়। বাবরের বাকি শুনানি হয় রোববার। বাবরের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানিতে অংশ নেন টি এম আকবর, মুহিবুল্লাহর পক্ষে শেখ লুৎফর রহমান, শেখ আবদুস সালামের পক্ষে গোলাম মোহাম্মদ, মাওলানা সাব্বির ও ইয়াহিয়ার পক্ষে অ্যাডভোকেট ইদি আমিন । রোববার শুনানির সময় কারাবন্দি ৩২ আসামিকে কড়া নিরাপত্তায় বিশেষ এজলাসে হাজির করা হয়। ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় আগে আসামির সংখ্যা ২২ জন হলেও এ বছরের মাঝামাঝিতে অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য বাবর, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ৩০ জনের নাম যোগ হয়। আসামিদের মধ্যে তারেকসহ ১৯ জন পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমান (বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী)সহ অন্তত ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মামলার তদন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। চার বছর পর সিআইডি গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয়। এরপর বর্তমান সরকার আমলে অধিকতর তদন্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৬১৫ ঘ.