পার্থ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এ অঞ্চলের দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অস্ট্রেলিয়ার পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারে কমনওয়েলথ রাষ্ট্র ও সরকার প্রধানদের একবিংশতম সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার নেতাদের সঙ্গে আলাদা বৈঠকে তিনি এ আহ্বান জানান।
৫৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে কমনওয়েলথ প্রধান ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার সকালে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয় অস্ট্রেলিয়ার বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন অনুসঙ্গ দিয়ে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কামাল আজাদ সাংবাদিকদের জানান, মূল সম্মেলনের বাইরে সম্মেলন কেন্দ্রের বোর্ড রুমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনসহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে প্রেস সচিব জানান।
আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত কাজ করে যাওয়ার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়েও মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন তিনি।
আগামী ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের আদদু সম্মেলন কেন্দ্রে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার পার্থে পৌঁছান প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বসেন সরকার প্রধানদের প্রথম সারিতে। রানী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে সবশেষে মিলনায়তনে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
স্বাগত বক্তব্যে গিলার্ড বলেন, "বিশ্ব বদলাচ্ছে। সুতরাং এর সঙ্গে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক কাজেও পরিবর্তন আনাটাই বুদ্ধিমানের কাজ হবে।"
এদিকে কমনওয়েলথ সম্মলন উপলক্ষে ওকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনসহ বিভিন্ন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনের কর্মীরা পার্থে জড়ো হয়েছেন। সম্মেলন কেন্দ্রের কাছে যেতে না পারলেও দূরে থেকে নিজেদের দাবির কথা তুলে ধরেছেন তারা। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড থেকেও ধার করে পুলিশ এনেছে অস্ট্রেলিয়া সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/১৩৩৩ ঘ.
bdnews24