২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মৃত্যুতে সাঈদীর পারোলে মুক্তির আবেদন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মায়ের মৃত্যুর পর পারোলে তার মুক্তির আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মায়ের মৃত্যুর পর পারোলে তার মুক্তির আবেদন করা হয়েছে। সাঈদীর মা গুলনাহার ইউসুফ সাঈদী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দেলওয়ার হোসাইনের ছেলে মাসুদ সাঈদী। দেলওয়ারের ব্যক্তিগত সহকারী জানান, বড় ছেলে সাঈদী যেন মায়ের জানাজায় ইমামতি করেন শেষ ইচ্ছায় সে কথা বলে গেছেন তার মা। দেলওয়ারের পারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে বলে জানান মাসুদ সাঈদী। তিনি বলেন, "সন্ধ্যা ৭টার দিকে আমাদের শহীদবাগের বাসায় আমাদের দাদী মারা গেছেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই আমি বাবার পারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।" রাত পৌনে ১২টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি উল্লেখ করে মাসুদ বলেন, "আশা করি আগামীকাল (শুক্রবার) সকালের মধ্যেই সিদ্ধান্ত পাওয়া যাবে।" দেলওয়ার হোসাইন সাঈদীর ব্যক্তিগত সহকারি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় মাঠে মৃতের নামাজে জানাজা হবে। এরপর তাকে পিরোজপুর জেলায় জিয়ানগরের সাঈদখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনসহ গ্রামের মরহুমের দুইটি জানাজা হবে। আজাদ বলেন, "সাঈদী স্যারের মা গুলনাহার ইউসুফ সাঈদী পরিবারের সদস্যদের কাছে শেষ ইচ্ছায় জানিয়ে গেছেন, তার বড় ছেলে মাওলানা সাঈদী স্যার যেন তার জানাজার নামাজে ইমামতি করেন।" সাঈদী ছাড়া গুলনাহার ইউসুফের আরো দুই ছেলে রয়েছে। ভাইদের মধ্যে সাঈদী সবার বড়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ২০টি অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় গত বছরের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন। এরপর তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক সংসদ সদস্য সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চারজন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএন/পিডি/২৩৫২ ঘ.