২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন। ২৮ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার তিনি অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছান। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কমকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা এবং কয়েকজন প্রখ্যাত ব্যক্তি ও সংবাদমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এদিন এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকের আগে প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগের সঙ্গে বৈঠক করেন দীপু মনি। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নানা বিষয় এবং সহযোগিতামূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচি বৃহস্পতিবার স্থানীয় একটি পাঁচ তারা হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক 'এম্পাওয়ারিং উওমেন টু লিড' শিরোনামে এক প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী হাসিনার। পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুক্রবার সকালে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, অন্যান্য সরকারপ্রধানদের সঙ্গে ও রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ফটোসেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফটোসেশনের পর কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের সরকারপ্রধানদের বৈঠকের প্রথম এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেদিন দুপুরেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এরপর সরকারপ্রধানদের বৈঠকের দ্বিতীয় এক্সিকিউটিভ সেশনে যোগ দেবেন তিনি। ওইদিন বিকেলে শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী কাররাকাটা সমাধিতে ডব্লিউ এ এস ওডারল্যান্ডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। সরকারপ্রধানদের সম্মানে শনিবার সকালে হোটেল প্যান প্যাসিফিকের গ্রান্ড বলরুমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও কমনওয়েলথ গেমসের সভাপতি মাইকেল ফেনেলের প্রাতঃরাশে যোগ দেবেন শেখ হাসিনা। ওইদিন কিংস পার্কের ফ্রেজার্স রেস্টুরেন্টে জুলিয়া গিলার্ডের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। কুর্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজির এলিজাবেথ জোলি লেকচার থিয়েটারে শনিবার বিকালে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দেবেন। রাতে সরকারপ্রধানদের সম্মানে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উইনথ্রপ হলে জুলিয়া গিলার্ডের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। রোববার বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। মালয়েশিয়ায় যাত্রাবিরতি করে রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/এএইচ/পিডি/২৩২১ ঘ.