ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর এক অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম মন্ত্রীদের সমালোচনা করে বক্তব্য রাখেন।
তখন অধিবেশন কক্ষে ছিলেন অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আলোচনার পর কক্ষে ঢোকেন নৌমন্ত্রী।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি বৃহস্পতিবার সংসদ অধিবেশন পরিচালনা করেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।
বৃহস্পতিবার জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও অধিবেশন কক্ষে ছিলেন না। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী রয়েছেন বিদেশে।
শেখ সেলিম বলেন, "এখন সংসদে দিনের পর দিন প্রক্সি মারা হয়। এক মন্ত্রীর পরিবর্তে আরেক মন্ত্রী উত্তর দেন। প্রধানমন্ত্রী নেই, মন্ত্রীরাও সংসদে নেই। কালকে (বুধবার) প্রধানমন্ত্রী এসেছিলেন, সব মন্ত্রী ড্রেস পরে সেজেগুজে এসেছিলেন। প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন, সব মন্ত্রী যে যার কাজে চলে গেছে।"
সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রীদের অনুপস্থিতির সমালোচনা করে বলেন, "মন্ত্রীরা আজ বুকে হাত দিয়ে বলুক, তাদের সংসদের প্রতি জবাবদিহি রয়েছে। মন্ত্রীরা মনে করেন, অন্য কোথাও তাদের জবাবদিহিতা থাকলে, সংসদে না এলেও চলবে।"
অনির্ধারিত আলোচনার শুরুতেই মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন তোফায়েল।
তিনি বলেন, "এতজন মন্ত্রীর মধ্যে মাত্র ৬ জন উপস্থিত। কতগুলো ক্ষেত্রে আমাদের যতœবান হওয়া উচিত। ১০ ভাগের নয় ভাগ আসনে বিজয়ী হয়ে আমরা সংসদে এসেছি। সংসদ সদস্য হিসাবে আমাদের দুটি ফোরাম। একটি সংসদীয় দল এবং অন্যটি সংসদ। কিন্তু, ফ্লোরে অনেক কথা না বলে পারছি না।"
সংবিধান থেকে উদ্ধৃতি দিয়ে শেখ সেলিম আরো বলেন, "মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। কোথায় সেই মন্ত্রিসভা? এই যদি অবস্থা হয় সংসদের অবস্থা। আমরা জনগণের কাছে গিয়ে কী বলবো ?
"স্বৈরাচারের আমলেও মন্ত্রী না থাকলে সচিব বা কাউন্সিল অফিসাররা গ্যালারিতে বসে নোট নিতেন। কিন্তু এখন কিছুই দেখি না।"
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের উপস্থিতির সমালোচনা করে তোফায়েল বলেন, "আমরাও মন্ত্রী ছিলাম। রুলস অফ বিজনেস অনুযায়ী উপদেষ্টারা মন্ত্রিসভায় বসতে পারেন না। কিন্তু, এখন উপদেষ্টারা মন্ত্রিসভার বৈঠকে বসছেন। রুলস অফ বিজনেস সংশোধন করা হয়েছে। আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলাম। আমি মন্ত্রিসভার বৈঠকে বসার কথা চিন্তাও করতে পারিনি।"
সুরঞ্জিত বলেন, "কোথাও যেন একটি ফাঁক হয়ে গেছে। প্রশাসন পার্লামেন্ট থেকে দূরে চলে গেছে। আজ বক্তৃতা দিয়ে মন্ত্রীদের সংসদে আনা যাবে না। যদি না তারা এই বইটির (সংবিধান) প্রতি বিশ্বাসী না হয়।"
স্বতন্ত্র সংসদ সদস্য আজিম বলেন, মাথার ওপর উপদেষ্টাদের রাখায় মন্ত্রীরা কাজের আগ্রহ হারিয়ে ফেলছেন।
"একেকজনের ওপর বসে আছেন একেকজন উপদেষ্টা। যাদের জ্ঞানের-গুণের শেষ নেই। কিন্তু জনগণের কাছে গেলে তাদের জামানতও থাকবে না।"
সংসদ সদস্যদের বক্তব্যের পর প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, মন্ত্রীর উপস্থিত না থাকতে পারলে আগে থেকে জানিয়ে রাখলে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন।
আলোচনার শেষ পর্যায়ে অধিবেশন পরিচালনাকারী মতিন খসরু বলেন, "কোনো মন্ত্রী থাকবেন না, কিন্তু তিন জন অল্টারনেটিভ তো আছে। কেউ থাকবেন না, এটা তো খেলা না। মিনিস্টারদের চেয়ারগুলো ফ্যাল ফ্যাল করে হাসছে। তাদের অবশ্যই সংসদে আসতে হবে। ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে হলে আসবেন না- এটা হতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৬ ঘ.
bdnews24