চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ঢাকা ও চট্টগ্রাম থেকে পাঁচটি চোরাই গাড়িসহ চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, মো. কাজল, মো. ফজলু, তরিকুল ইসলাম বাবু, মো. ফয়সাল, শহিদুল ইসলাম সুমন, মো. সালমান, মো. হাছান ও এনামুল হক শামীম।
উদ্ধারকৃত গাড়ির মধ্যে চারটি কার ও একটি মাইক্রোবাস রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চোর চক্রের সদস্যদের নগরীর বন্দর থানায় আনা হয়। এর আগে গত রোববার থেকে থানার একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই নয় জনকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসার উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার সিমেন্স ক্রসিং এলাকা থেকে চুরি যাওয়া একটি কারের মালিকের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।"
"গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি চোরাই গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করি। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করি।"
এসআই কাওসার জানান, এরপর গাড়ি বিক্রেতা হিসেবে তারা ঢাকায় গিয়ে এনামুল হক শামীমের সঙ্গে যোগাযোগ করেন। শামীমকে গ্রেপ্তারের পর গাজীপুর ও ঢাকা থেকে দুটি গাড়ি ও চার চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ বুধবার রাতে বন্দর থানা সংলগ্ন নিমতলা এলাকা থেকে একটি চোরাই গাড়িসহ আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার মো. শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়ি চোর চক্রটির সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। এ দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলবে।"
এ ঘটনায় বন্দর থানায় তিনটি গাড়ি চুরির মামলা দায়ের করা হবে বলে জানান এসআই কাওসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৭৫২ ঘ.
bdnews24