২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মহাপরিচালক হলেন এমএইচ সালাউদ্দিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এমএইচ সালাউদ্দিনকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এমএইচ সালাউদ্দিনকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তার এই নিয়োগের আদেশ জারি করে। এছাড়া আরো কিছু পদে চুক্তি এবং চুক্তির মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করেছে মন্ত্রণালয়। দুদকের মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ পাওয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। তার চুক্তি কার্যকর হবে কাজে যোগ দেওয়ার দিন থেকে। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনে মহাপরিচালকের ৬টি পদ রয়েছে। এর মধ্যে মহাপরিচালক (প্রতিরোধ ও সচেতনতা) পদটি শূন্য থাকায় পরিচালক (অনুসন্ধান) আমিরুল আলম সেই দায়িত্ব চালিয়ে আসছিলেন। ওই পদেই দুই বছরের জন্য নিয়োগ পেলেন এমএইচ সালাউদ্দিন। এদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ইয়াহিয়া মিয়াকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করা হয়েছে। ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সিলর (শ্রম) পদে চুক্তিতে নিয়োজিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াদুর রহমানের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/জেকে/১৬৫৫ ঘ.