চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রেলওয়ের অবৈধ সম্পত্তি দখলমুক্ত করা, লোকবল সঙ্কট দূর করাসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে সরকার সমর্থিত শ্রমিক সংগঠন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ।
বুধবার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবনে এ সমাবেশ করে তারা। সমাবেশ শেষে দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সহকারী মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
শ্রমিকদের অন্য তিন দাবি হলো- কর্মচারীদের আবাসন সঙ্কট নিরসন, জরাজীর্ণ আবাসিক ভবন সংস্কার এবং রেলের ইঞ্জিন ও বগি কেনা।
রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. সিরাজুল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
সিরাজুল্লাহ বলেন, প্রশাসন দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখায় রেলওয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তা নির্দিষ্ট সময়ে শেষ করার দাবি জানান তিনি।
সিরাজুল জানান, রেলওয়েতে দীর্ঘদিন ধরে আবেদন করা প্রায় ৬ হাজার লোকের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/২২০২ ঘ.
bdnews24