জাতিসংঘের হিসাবে এখন জনসংখ্যা ১৫ কোটি
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এখন ১৫ কোটি ৫ লাখ, যা সরকারি হিসাবের কাছাকাছি।
বুধবার রাজধানীর একটি হোটেলে ইউএনএফপিএ'র বার্ষিক প্রতিবেদন 'স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন-২০১১' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের জনসংখ্যার তথ্যও জানানো হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, দেশে বর্তমানে পুরুষের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ এবং নারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩ শতাংশ।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "ইউএনএফপিএ'র বার্ষিক প্রতিবেদনের উপাত্ত গত ১৬ জুলাই প্রকাশিত পঞ্চম আদমশুমারির প্রাথমিক উপাত্তের খুব কাছাকাছি হওয়ায় আমি সন্তুষ্ট।"
পুনঃনীরিক্ষাধীন পঞ্চম আদমশুমারির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ ২০১১ সালে দেশের জনসংখ্যা ছিলো ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। পুরুষ ও নারীর সংখ্যা যথাক্রমে ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার এবং ৭ কোটি ১০ লাখ ৬৪ হাজার।
ঢাকায় ইউএনএফপিএ প্রতিনিধি আর্থার এর্কেন বলেন, প্রতিবেদনের কোনো উপাত্ত তারা সরাসরি সংগ্রহ করেননি। জাতিসংঘ সচিবালয়ের অর্থনৈতিক ও সামাজিক অধিদপ্তরের (ইকোসক) জনসংখ্যা বিভাগের সরবরাহ করা উপাত্ত ব্যবহার করে ইউএনএফপিএ এ প্রতিবেদন তৈরি করে থাকে।
বাংলাদেশ সরকারের প্রবল আপত্তির মুখে ইউএনএফপিএ ২০১০ সালে প্রকাশিত প্রতিবেদনটি সংশোধন করে। তখন বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখানো হয়েছিলো। ২০১১ সালের ৩ মে তা সংশোধন করে জনসংখ্যা ১৪ কোটি ৯০ লাখ দেখানো হয়।
ইউএনএফপিএ'র প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা আর মাত্র পাঁচ দিন পর সাতশ কোটি ছাড়াবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা ১৮০৪ সালে একশ, ১৯৫৯ সালে তিনশ, ১৯৭৪ সালে চারশ, ১৯৮৭ সালে পাঁচশ এবং ১৯৯৯ সালে ছয়শ কোটি স্পর্শ করে।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর জনসংখ্যা সাতশ কোটিতে পৌঁছানোর ঘটনা একই সঙ্গে অর্জন, ব্যর্থতা আর বিতর্ক দিয়ে চিহ্নিত হবে। তাদের এমনটা মনে হওয়ার কারণ, পৃথিবীর কিছু দরিদ্র দেশের বর্ধমান জনসংখ্যা উন্নয়নের গতির সমানুপাতিক হচ্ছে ঠিকই, কিন্তু কিছু ধনী দেশ নিু জন্মহার এবং বৃদ্ধ জনসংখ্যা নিয়ে শঙ্কিত।
ইউএনএফপিএ প্রতিনিধি এর্কেন বলেন, "নিঃসন্দেহে এটি একটি মাইলফলক, সেই সাথে চ্যালেঞ্জ, সুযোগ এবং কোনো কিছু করার তাগিদও।"
ইউএনএফপিএ'র হিসাবে, ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে ৯০০ কোটি এবং এ শতাব্দীর শেষ নাগাদ তা হবে ১ হাজার কোটি স্পর্শ করবে।
বিশেষজ্ঞরা মনে করেন, আফ্রিকার ৩৯টি, এশিয়ার নয়টি, ওশেনিয়ার ছয়টি এবং ল্যাতিন আমেরিকার চারটি দেশের মানুষের উচ্চ প্রজনন হার (উর্বরতা হার) এই বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।
২০১১ সালে পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের বাস এশিয়ায়, তখন আফ্রিকায় বাস করে মাত্র ১৫ শতাংশ। কিন্তু আফ্রিকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ, যা এশিয়ার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের দ্বিগুণেরও বেশি।
শিক্ষাদান ও ক্ষমতায়ন বর্তমান নারীদের তাদের মা এবং দাদিদের তুলনায় কম সন্তান গ্রহণে উৎসাহিত করছে জানিয়ে এর্কেন বলেন, "আমাদের অবশ্যই বিদ্যমান সব অর্থনৈতিক, আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক বাধা দূর করে নারী-পুরুষ, বালক-বালিকাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান অবদান রাখার সুযোগ করে দিতে হবে।"
যুব স¤প্রদায়ের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন এর্কেন।
সাতশ মানুষ অধ্যুষিত পৃথিবীতে নিজেদের গৃহিত পরিকল্পনা সম্পর্কে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এন নিয়াজউদ্দিন বলেন, "অধিদপ্তর ইতোমধ্যে বর্তমান সামগ্রিক উর্বরতা হার ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ১ এ নামিয়ে আনতে লক্ষ্য স্থির করেছে।"
খুলনা বিভাগসহ দেশের কিছু এলাকায় এই লক্ষ্যমাত্রা অর্জিত হলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে তা আশানুরূপ নয় জানিয়ে নিয়াজউদ্দিন বলেন, ওই বিভাগগুলোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে শূন্য পদের সংখ্যা কমপক্ষে ১৫০০, যা অধিদপ্তরের কাজের গতিকে ব্যাহত করছে। আগামী দিনগুলোতে অধিদপ্তরে কোনো শূন্য পদ থাকবে না।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম জানান, সামগ্রিক উর্বরতা হার ২ দশমিক ১ এ নামিয়ে আনার লক্ষ্যেই সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে।
