২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: ঢাকার জজকে তলব হাইকোর্টে

আদালত অবমাননার এক মামলায় ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক মো. আফতাবুজ্জামানকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার এক মামলায় ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক মো. আফতাবুজ্জামানকে তলব করেছে হাইকোর্ট। বিডি থাই অ্যালুমিনিয়ামের এক আবেদনে বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম আগামী ১৬ নভেম্বর ওই বিচারককে হাজির হয়ে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত অবমানার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আফতাবুজ্জামানকে সে ব্যাখ্যা দিতে হবে হাইকোর্টে। হাইকোর্টে বিডি থাই অ্যালুমিনিয়ামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী আখতার হামিদ ও এ কিউ এম সোহেল রানা। শেয়ার বাজার নিয়ে তদন্ত প্রতিবেদনের নিজেদের সংক্রান্ত অংশ চ্যালেঞ্জ করে বিডি থাই গত ২৪ এপ্রিল ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে একটি মামলা করে। সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত ওই মামলার রক্ষণীয়তা (মামলা চলবে কি চলবে না) শুনানির জন্য দিন ধার্য করে। ওই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন আবেদন দাখিল করলে সেটা বিচারিক আদালত খারিজ করে দেয়।" "এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে প্রথম বিবিধ আপিল দায়ের করলে গত ২৬ জুলাই হাইকোর্ট তা গ্রহণ করে মামলা নথি তলব করে। ওই বিচারককে তা জানানোর পরও তিনি এই আদেশের তোয়াক্কা না করে মূল মামলা খারিজ করে দেয়। যা তিনি করতে পারেন না," বলেন সোহেল। খারিজের আদেশে বলা হয়েছে, এই মামলায় হাইকোর্টে প্রথম বিবিধ আপিল দায়ের করা যায় না। "অথচ ততক্ষণে হাইকোর্ট ওই আপিলটি গ্রহণ করেন," বলেন বিডি থাইয়ের আইনজীবী। তিনি বলেন, এরপর আমরা হাইকোর্টে আদালত অবমানার অভিযোগ করলে আদালত রুল জারি ও তাকে তলব করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩৩ ঘ.