ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত ১০ বছরের চেয়ে ভালো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা পরবর্তী 'বিজয়া সম্মেলনে' তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "সরকারের তিন বছর পেড়িয়ে গেলেও দেশের কোথাও কোন বোমা বাজি হয়নি।"
আওয়ামী লীগের আমলে কোনো সংখ্যলঘু নির্যাতিত হয় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ে এ দেশে সংখ্যলঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর অসহনীয় নির্যাতন চালিয়েছিল।"
"বর্তমান সরকার ক্ষমতায় আমার পর তা বন্ধ হয়ে গেছে।"
ওই সময়কার ঘটনা তদন্তে এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ একটি কমিশনও গঠন করে।
বিএনপির রোড মার্চ কর্মসূচি সম্পর্কে সাহারা বলেন, "বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং দুর্নীতিবাজদের রক্ষা করতে এসব কর্মসূচি দিয়ে জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছেন।"
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, "সরকারের সহযোগিতায় এ বছর কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে প্রায় ২৮ হাজার মণ্ডপে সুষ্ঠুভাবে দুর্গপূজা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৪ ঘ.
bdnews24